ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের বিবাহিত জীবনের ৩১ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী মৌসুমীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন ওমর সানী।
রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’ তার এই পোস্টটি মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের মাঝে সাড়া ফেলে এবং মন্তব্যের ঘরে দম্পতিটির প্রতি অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা জমা পড়ে।
ঢালিউডের অন্যতম সফল এই জুটির সম্পর্কের সূত্রপাত ১৯৯২ সালে। সে সময় ওমর সানীর প্রথম সিনেমা মুক্তি পায় এবং মৌসুমীর অভিষেক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায় ছিল। পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার কাজের সূত্রে তাদের প্রথম দেখা হলেও সে সময় সেই সিনেমায় তাদের একসঙ্গে কাজ করা হয়নি।
পরবর্তীতে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন তারা। শুটিংয়ের সময় ছোটখাটো মনোমালিন্যের মধ্য দিয়েই তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই তারকা দম্পতি ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এখনও তারা শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।

