বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্যমতে, এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হতে পারে।
ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল, সিলেট ও ময়মনসিংহে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই, যদিও বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আগস্টের প্রথম সপ্তাহে (১–৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে, তবে এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকবে।
দ্বিতীয় সপ্তাহে (৯–১৬ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে।
মাসের তৃতীয় সপ্তাহে (১৭–২৪ আগস্ট) দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণের কারণে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সবশেষে, আগস্টের শেষ সপ্তাহে (২৫–৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এই সময়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

