ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন-শৃঙ্খলা বাহিনীর এই অভিযানে একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭১টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বিভাগের পরিসংখ্যান হলো: মিরপুর বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৮ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ১২টি ল্যাপটপ চার্জার, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। এছাড়া ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি মাদকদ্রব্য হিসেবে ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত