নেতানিয়াহুর সফরের প্রতিবাদে গ্রেপ্তার অস্কারজয়ী হান্না আইনবেন্ডার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবেন্ডার। এই বিক্ষোভে তার পাশাপাশি সুসান সারান্ডন, ইন্ডিয়া মুর, ক্যালেব হিয়ারন ও চেলসি ম্যানিংসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আটক হয়েছেন।

গ্রেপ্তারের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন হান্না। তিনি বলেছেন, তার ও তার বন্ধুদের গ্রেপ্তারের বিষয়টি যদি জনমানুষের নজর কাড়ে, তবে সেই মনোযোগ যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের জনগণের ওপর ইসরায়েলের চালানো যুদ্ধের দিকে নিবদ্ধ হয়। তিনি অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের হামলা, বসতবাড়ি ধ্বংস এবং মানুষ ঘুমের মধ্যে থাকার সময় বোমা হামলার ঘটনাগুলো নিয়মিত ঘটলেও গণমাধ্যমে তা পর্যাপ্ত প্রচার পাচ্ছে না।

নেতানিয়াহুকে রক্তপাতের প্রধান পরিকল্পনাকারী হিসেবে আখ্যা দিয়ে হান্না ক্ষোভ প্রকাশ করেন যে, এত কিছুর পরও তিনি যুক্তরাষ্ট্রের শহরগুলোতে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এই পরিস্থিতির জন্য তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় রাজনৈতিক দলকেই দায়ী করেছেন। তার দাবি, নেতানিয়াহুর মতো ব্যক্তিদের এই দুই দলই নিরাপত্তা দিয়ে পৃষ্ঠপোষকতা করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে গণহত্যা, লুটপাট ও ভূমি দখল বন্ধের আহ্বান জানিয়েছেন।