আবর্জনা মুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখা একান্ত প্রয়োজন, যা আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের ওপরই পরিচ্ছন্ন পরিবেশের প্রভাব পড়ে। গত ৩০ বা ৪০ বছরের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও টিস্যুর মতো আবর্জনা যত্রতত্র ছড়িয়ে থাকার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি উল্লেখ করেন, অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বা বাসে চলাচল করেন এবং যত্রতত্র জমে থাকা ময়লার দুর্গন্ধ তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিজের বাসস্থানের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, নিজ ঘর বা বাসা যেমন আমরা পরিষ্কার রাখি, তেমনি দেশের পরিবেশকেও সুন্দর রাখা সম্ভব। তিনি বলেন, আমরা যদি সচেতন হই এবং ব্যবহৃত আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, তবেই পরিবেশ ভালো থাকবে। কবি যে শস্য-শ্যামলা ভুবনের কথা লিখেছেন, সেই সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

দেশের বিভিন্ন এলাকা সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, পুকুরপাড় বা পুকুরের ভেতরে ময়লার স্তূপ দেখে তিনি ব্যথিত হয়েছেন, অথচ একসময় এসব স্থানে মানুষ আড্ডা দিত। পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করলেও মানুষ সচেতন না হওয়ায় তা দ্রুত পুনরায় নোংরা হয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যদি প্রত্যেকে সচেতন হয়ে হাতের ময়লা নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখেন, তবেই ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা সম্ভব। সবশেষে দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি দেশবাসীর কাছে এই সহযোগিতা কামনা করেন।

কন্টেন্ট: সংগৃহীত