ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আনিসুর রহমান জেলার নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল এবং বর্তমানে তার পরিবারের সঙ্গে ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার রাতে ভবনের সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

