প্রতিবন্ধীদের অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান ডিসির

প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য সমাজের সব পর্যায়ে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদেরই নাগরিক, স্বজন এবং উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের পেছনে রেখে কোনো উন্নয়নই পূর্ণাঙ্গ হতে পারে না।

ফরিদা খানম প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো অনুকম্পার পাত্র হিসেবে না দেখার ওপর জোর দিয়ে বলেন, তাদের প্রয়োজন করুণা নয়, অধিকার; অনুকম্পা নয়, সমান সুযোগ; দয়া নয়, মর্যাদা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন। জেলা প্রশাসক আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের বাদ দিয়ে নয়, বরং তাদের সম্পৃক্ত করেই গ্রহণ করতে হবে। কারণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তারাই সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন।

আইনের বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় নীতিমালা থাকলেও এর কার্যকর প্রয়োগ জরুরি। এ সময় তিনি সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণ ব্যবহার্য স্থাপনায় সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

কন্টেন্ট: সংগৃহীত