পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ। মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্মিথকে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের তিন সংস্করণেই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তিনি তার নতুন এই দায়িত্ব পালন শুরু করবেন।
৪৬ বছর বয়সি স্মিথ এর আগেও কোচিংয়ের সাথে যুক্ত ছিলেন। তিনি লেভেল-৪ কোচিং সনদধারী। অতীতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। এছাড়া সর্বশেষ মৌসুমে মুলতান সুলতানসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স এবং ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন স্মিথ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরিসহ তার মোট সংগ্রহ ৭ হাজার ২৯ রান।

