ভারতীয় ভিসা সেবার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের

বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে চলমান প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানিয়েছে, একটি প্রতারক চক্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এই চক্রটি অর্থের বিনিময়ে ভিসা কিংবা বিভিন্ন কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াইটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে কোনো প্রকার ভিসা দেওয়ার প্রস্তাব দেন না এবং কোনো অর্থ দাবিও করেন না। সব ধরনের ভিসা আবেদনের প্রক্রিয়া সুনির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়।

এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একইসঙ্গে নিজেদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে। কেউ যদি এমন প্রতারণার শিকার হন কিংবা সন্দেহজনক কোনো যোগাযোগের মুখোমুখি হন, তবে বিষয়টি দ্রুত ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।