নতুন ধারাবাহিক নিয়ে জাকিয়া বারী মম: সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে

আজ থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে রাকেশ বসু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। নাটকটির প্রচার শুরু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ ১৫-১৬ বছর ব্যবহারের পর নিজের ফোন নম্বর পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মম বলেন, উবার, পাঠাওসহ বিভিন্ন জায়গায় নম্বরটি ছড়িয়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত কল ও এসএমএসে তিনি বিরক্ত ছিলেন। নতুন নম্বর ব্যবহারের ফলে এখন তিনি বেশ স্বস্তিতে আছেন বলে জানান।

মম জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিরীক্ষা করছেন। হোয়াটসঅ্যাপে তাঁর প্রোফাইল ছবিতে ঘোড়ার পিঠে বসা যে ছবিটি দেখা যাচ্ছে, সেটি এআই দিয়ে তৈরি। ছোটবেলা থেকে নিজের দুটি ঘোড়া থাকার স্বপ্ন দেখার কথাও তিনি শেয়ার করেন।

জীবন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে গিয়ে মম বলেন, জীবন সুন্দর, কিন্তু মানুষ নিজের মগজের ময়লা-আবর্জনা দিয়ে একে জটিল করে তোলে। তিনি সবসময় নেতিবাচকতা বা টক্সিসিটি থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং বর্তমানে বেঁচে থাকাতেই বিশ্বাসী। অতীতের ভালো স্মৃতি তাকে অনুপ্রাণিত করে, তবে তিনি আফসোস করেন না।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে মম বলেন, ৫ আগস্টের কথা স্মরণ করে তিনি বলেন, চোখের সামনে মানুষের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। স্বাধীন দেশে ছাত্র-জনতা ও সরকারের মধ্যে শত্রুতার বিষয়টি তাঁকে ক্ষুব্ধ করেছে। তিনি মনে করেন, আন্দোলনের পেছনে সাধারণ মানুষের যে আবেগ ছিল, তার সঠিক মূল্যায়ন হয়নি। তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে। সাধারণ মানুষ তো রাজনীতি বোঝে না। তারা নিজের কাজটুকু করতে চায় নিষ্ঠার সাথে আর দেশের ভালো হোক, এটাই চায়।”

নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে মম বলেন, তাঁর সবচেয়ে বড় চাওয়া দর্শক নাটকটি পছন্দ করবেন এবং তাঁদের আপন করে নেবেন।