দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃত পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এখন পর্যন্ত পরীক্ষায় কারো হামজনিত মৃত্যু নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ সময় সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৯ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন। একই সময়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে।

হাসপাতাল ভর্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।