রাজধানীর ২৩ শতাংশ বাস চলছে কোনো বৈধ ফিটনেস সনদ ছাড়াই

রাজধানীর সড়কে চলাচলকারী প্রতি চারটি বাসের মধ্যে প্রায় একটি বাস কোনো বৈধ ফিটনেস বা ছাড়পত্র ছাড়াই ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে। দুর্বল তদারকি, অপরিকল্পিত রুট ব্যবস্থাপনা এবং বাসের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময় ধরে এই সংকট চলে আসছে। এর ফলে প্রতিদিন লাখো যাত্রী চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীতে অনুমোদিত বাসের সংখ্যা ৭,০৪৩টি। এর মধ্যে নিয়মিত সড়কে চলাচলকারী ৪,৫৪৬টি বাসের মধ্যে ১,০৫৩টিরই কোনো বৈধ ফিটনেস সনদ নেই। অর্থাৎ, রাজধানীর প্রায় ২৩ শতাংশ বাসই ফিটনেসবিহীন অবস্থায় চলাচল করছে। অথচ ডিটিসিএর আওতাধীন এলাকায় প্রতিদিন প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ মানুষ বাসে যাতায়াত করে থাকেন।

বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, আমাদের দেশে ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটি অনেকাংশেই কাগুজে। নিরপেক্ষ ও কঠোরভাবে যাচাই করা হলে বর্তমানে চলাচলকারী অনেক যানবাহনই এই সনদ পাওয়ার যোগ্য নয়। বিআরটিএ-এর বিধিমালা অনুযায়ী একটি গাড়ির ফিটনেস নিশ্চিত করতে ৬৫টি বিষয় পরীক্ষা করার কথা থাকলেও, তার সঠিক বাস্তবায়ন না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

এদিকে, রাজধানীর বাস ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, ৩২টি প্রধান রুট ও ২৫টি সার্কুলার রুট চিহ্নিত করে নির্ধারিত সময়সূচি, আধুনিক টিকিটিং ব্যবস্থা এবং সমন্বিত পরিচালনা কাঠামোর আওতায় আনার কাজ চলছে।

কন্টেন্ট: সংগৃহীত