চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের কারণ জানতে চাওয়ায় প্রবাসীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী এলাকায় গত বুধবার সন্ধ্যায় একদল যুবকের হামলায় শাহজাহান পাটওয়ারী (৫০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে শাহজাহান দীর্ঘদিন বিদেশে কর্মরত ছিলেন। সম্প্রতি এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে তথাকথিত ‘মাদকবিরোধী অভিযান’ শুরু করলে তিনি এর কারণ জানতে চান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন তোলায় ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে শাহজাহান পাটওয়ারীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে।

নিহত শাহজাহানের ভাই ইয়াসিন পাটওয়ারীর অভিযোগ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে স্বপন মাহমুদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। সামনে নির্বাচন। আমার জনপ্রিয়তা দেখে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ এনেছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত