আজ নন্দিত অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী

বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকী উপজেলায় জন্মগ্রহণকারী রাজীব অভিনয়ের জগতে আসার আগে তিতাস গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

অভিনয় জীবনে তার অভিষেক হয় ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৮২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘দাবি’ চলচ্চিত্রেও তাকে নায়কের ভূমিকায় দেখা গেছে। তবে সময়ের পরিক্রমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভাত দে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘অনন্ত ভালোবাসা’, ‘রাজা শিকদার’, ‘বুকের ভেতর আগুন’ ও ‘প্রেম পিয়াসী’।

সফল এই অভিনেতা চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ‘হীরামতি’ (১৯৮৮), ‘দাঙ্গা’ (১৯৯১), ‘বিদ্রোহ চারিদিকে’ (২০০০) এবং ‘সাহসী মানুষ চাই’ (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই সম্মাননা লাভ করেন। তার মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্রাঙ্গনের মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।