ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না।
একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেছেন যে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের কিছু ধরনের উন্নত অস্ত্রের মজুতের ওপর বেশ চাপ তৈরি হয়েছে। রয়টার্সের আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বৈয়শ্বিক মজুতের উচ্চ-নির্ভুলতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করে ফেলেছে।
অস্ত্রের মজুত নিয়ে করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, কিছু অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের জন্য প্রায় সীমাহীন হলেও, নির্দিষ্ট কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কমে এসেছে। তবে এই ঘাটতি পূরণে দেশটির প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে বলেও তিনি নিশ্চিত করেছেন। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্যগুলো সামনে এল।

