জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি নিয়ে দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে ত্রুটির অভিযোগ ওঠায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৬ আগস্ট রাতে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। মন্ত্রণালয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, তথ্যভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, তথ্যচিত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুততম সময়ের মধ্যে তা পুনরায় প্রকাশ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগ জানানোর অধিকার সবার থাকলেও তা নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া বাঞ্ছনীয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত