জাকসু থেকে পদত্যাগের ঘোষণা সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলেও তিনি উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লিখেছেন, “আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপাচার্য ও প্রো-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণার সময় সেখানে উপস্থিত ছাত্রদলের একটি গ্রুপের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করা হয়। এই নাম ঘোষণা নিয়ে ছাত্রদলের অন্য একটি পক্ষের নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঐ ঘটনার সময় শেখ জিসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কেন কেবল একটি নির্দিষ্ট পক্ষের সদস্যদের নাম ঘোষণা করেছেন। এই ঘটনার কিছু সময় পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে বিস্তারিত জানতে শেখ জিসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত