বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এবং আইইউবিএটির জনস্বাস্থ্য বিভাগের খণ্ডকালীন প্রফেসর কাজী এ কিউ এম মহিউল ইসলাম। তিনি নবজাতকের সুস্থতায় মায়ের দুধের অনন্য অবদান এবং সকল শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিতকরণে জনস্বাস্থ্য পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে নাজমুল হুদা। তাঁর আলোচনায় সকল শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাব এবং গুঁড়ো দুধ বা বিকল্প খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর আগ্রাসী বাজারজাতকরণ কৌশলের বিভিন্ন দিক উঠে আসে।

