মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে এনসিপির আলোচনা সভা

মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অবদান স্মরণ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে একটি বিশেষ আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে গত শনিবার (২ আগস্ট) সুবাং জায়ার স্টার কাবাব ইভেন্ট হলে ‘Remembering Our Heroes’ শীর্ষক এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী রনি মিনহাজ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় এবং বিলকিস বিথী ও শেখ আব্দুল মতিন জুলাইয়ের চেতনা ও দেশপ্রেমের ওপর কবিতা আবৃত্তি করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, প্রবাসীদের আত্মত্যাগ এবং রেমিট্যান্স স্থগিতের মতো সাহসী কর্মসূচি দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের স্বার্থে সরকারকে সর্বদা জবাবদিহিতার আওতায় থাকতে হবে এবং এনসিপি গণতন্ত্র ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে বাস্তবে রূপ দিতে জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তিনি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। তিনি রাজনীতিতে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের বিষয়টি কঠোরভাবে তুলে ধরেন। পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি এড়িয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এনসিপির মালয়েশিয়া শাখার সদস্যসচিব আলম মো. রওশন জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাং আঞ্চলিক কমিটির নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা একমত পোষণ করেন যে, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য ও ধারাবাহিক সংস্কার অপরিহার্য। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করা এবং তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া উপস্থিত অতিথি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে জাতীয় স্বার্থ ও প্রবাসীদের কল্যাণে এবং একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।