শীঘ্রই আসছে ফাহমিদা নবীর নতুন গান ‘ভালোবাসা চাইতে গেলে

সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে নতুন একটি গান যুক্ত হতে যাচ্ছে। ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেধাবী সংগীত পরিচালক সজীব দাস। গোলাম মোরশেদের কথায় গানটি শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ মুক্তি পাবে।

এই সংগীত জুটির আগের কাজগুলো শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত ‘চোখের কার্নিশে’ গানটি ছাড়াও ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’র মতো গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফাহমিদা নবী জানান, সজীব দাসের সুরে তাঁর গাওয়া ২০টি গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আরও প্রায় ৪০টি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

নতুন গান ও সজীবের কাজ নিয়ে ফাহমিদা নবী বলেন, প্রখ্যাত সংগীতসাধক লাকী আখন্দের মাধ্যমে সজীবের সংগীতে হাতেখড়ি। সে নীরবে ও নিভৃতে কাজ করতে পছন্দ করে। আমাদের আড্ডায় মূলত গান ও কাজের ভুলত্রুটি নিয়ে আলোচনা হয়। সজীবের সুরে ‘ভালোবাসা চাইতে গেলে’ গানটি মানুষের মন ছুঁয়ে যাবে বলে আমি ভীষণ আশাবাদী।

সংগীত পরিচালক সজীব দাস বলেন, শ্রদ্ধেয় ফাহমিদা আপা আমার ওপর অনায়াসে আস্থা রাখেন, যা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি সবসময় চেষ্টা করি তাঁর জন্য আমার সেরা কাজটা উপহার দিতে।