সিপিএল ২০২৬-এর আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার সাবিনা পার্কে অনুষ্ঠিত ম্যাচে তারা ছয় উইকেটে হারিয়েছে জ্যামাইকা কিংসম্যানকে। ৩৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা। টানা দুই ম্যাচ হেরে আসা কিংসম্যানরা এই হারের ফলে জয়হীন অবস্থাতেই রয়ে গেল। গায়ানার স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছিল জ্যামাইকার ব্যাটাররা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। শুরুতেই খারি পিয়েরে সাজঘরে ফেরান শায়ান জাহাঙ্গীরকে। এরপর শামার জোসেফ পাওয়ারপ্লের শেষদিকে কেসি কার্টিকে আউট করেন। পাওয়ারপ্লেতে মাত্র ২৬ রান তুলতে পারা কিংসম্যানদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিজা হেন্ডরিক্স। তিনি ও রভম্যান পাওয়েল ৩৫ রানের একটি জুটি গড়েন। তবে অধিনায়ক ইমরান তাহির তাদের দুজনকেই আউট করে গায়ানাকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে আসেন। এর মাঝে হাসান খানকে আউট করে নিজের প্রথম শিকার ধরেন মোহাম্মদ নবী।
এরপর কিংসম্যানদের লোয়ার মিডল অর্ডারে ধস নামান নবী। আন্দ্রে রাসেল সহজ ক্যাচ দিয়ে আউট হলে কিংসম্যানদের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। নবী ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। গায়ানার স্পিনাররা সব মিলিয়ে প্রতিপক্ষের ১০ উইকেটের মধ্যে ৮টিই নিজেদের দখলে নেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয় জ্যামাইকা। রিজা হেন্ডরিক্স দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। গায়ানার হয়ে শামার জোসেফ ও ইমরান তাহির দুটি করে উইকেট পান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়ানা শুরুতেই মাভেন্দ্র দিনদিয়ালকে গোল্ডেন ডাক হিসেবে হারায়। তবে গ্লেন ফিলিপস ও শাই হোপ ৪২ রানের একটি দ্রুত জুটি গড়ে দলকে সামলে নেন। পাওয়ারপ্লের শেষ ওভারে আন্দ্রে রাসেল জোড়া আঘাত হানেন; তিনি ফিলিপসকে (২৮) ও শিমরন হেটমায়ারকে আউট করেন। এরপর শাই হোপ দলের হাল ধরেন এবং মোহাম্মদ নবীর সাথে ৫১ রানের জুটি গড়েন। নবী ১৯ রান করে ভিটাল লসের বলে আউট হন। শেষ পর্যন্ত হোপ অপরাজিত ৫৬ রান করে এবং হাসানকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর: জ্যামাইকা কিংসম্যান ১১৭ (১৯.৪ ওভার, রিজা হেন্ডরিক্স ৪০; মোহাম্মদ নবী ৪/২২, শামার জোসেফ ২/২২, ইমরান তাহির ২/২৬)। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১১৮/৪ (১৪.১ ওভার, শাই হোপ ৫৬*, গ্লেন ফিলিপস ২৮; আন্দ্রে রাসেল ২/১২)। গায়ানা ৬ উইকেটে জয়ী।

