বক্স অফিসে রেকর্ড ভাঙলেন ইমরান হাশমি, অগ্রিম বুকিংয়ে এগিয়ে ‘আওয়ারাপন ২

২০০৭ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘আওয়ারাপন’ সে সময় বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। মাত্র ৭ কোটি রুপি আয় করা সেই ছবিটি সময়ের পরিক্রমায় কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়। দীর্ঘ ১৯ বছর অপেক্ষার পর অবশেষে ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাাপন ২’। মুক্তির আগেই ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এমনকি মুক্তির আগেই সিক্যুয়েলটির আয় প্রথম পর্বের মোট ব্যবসাকে ছাড়িয়ে গেছে।

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বক্স অফিসে মুখোমুখি অবস্থানে রয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাাপন ২’ এবং সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। মুক্তির পূর্বেই শুরু হওয়া এই লড়াইয়ে অগ্রিম বুকিংয়ের হিসাবে ইমরান হাশমি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্যমতে, এখন পর্যন্ত ‘আওয়ারাাপন ২’-এর প্রায় ৬৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে, সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ বিক্রি করতে পেরেছে প্রায় ৩৭ হাজার ৬০০ টিকিট। এই হিসাব অনুযায়ী, অগ্রিম বুকিংয়ে ইমরানের সিনেমাটি ৮১ শতাংশ এগিয়ে রয়েছে। অগ্রিম বিক্রির এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, মুক্তির প্রথম দিনেই ছবিটি শক্ত ব্যবসায়িক অবস্থান তৈরি করে ফেলেছে। বিপরীতে, সানি দেওলের সিনেমাটিকে ভালো শুরুর জন্য প্রেক্ষাগৃহে সরাসরি টিকিট কাটা দর্শকদের ওপরই মূলত নির্ভর করতে হবে।