রাজধানীতে শুরু হলো আট দিনব্যাপী ঢাকা নাট্যোৎসব ২০২৬

ঢাকার চার শতকেরও বেশি পুরোনো ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাসব্যাপী বিশেষ আয়োজন ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। এই কর্মসূচির অংশ হিসেবেই সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’। ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়াও উদ্বোধনী আয়োজনে অংশ নেন ঢাকা নাট্যোৎসব ২০২৬ সমন্বয় পর্ষদের সমন্বয়কারী নাট্যজন খন্দকার শাহ আলম এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গার তীরে অবস্থিত চারশ বছরের এই প্রাচীন রাজধানীতে আমরা অনেকেই জন্মসূত্রে বা জীবিকার প্রয়োজনে বসবাস করি। তবে শহরের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগের অভাবে অনেকেই এই শহরকে আপন করে নিতে পারেননি। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং নগর পরিচালনায় নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উৎসবের মাধ্যমে নাগরিকরা ঢাকা-কেন্দ্রিক কালজয়ী সব নাটক দেখার সুযোগ পাবেন এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জহির রায়হান মিলনায়তন নতুন প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবের সমন্বয়কারী নাট্যজন খন্দকার শাহ আলম জানান, নাটক নির্বাচনের ক্ষেত্রে আদি ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় এমন প্রযোজনাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নাটকের পাশাপাশি মিলনায়তন প্রাঙ্গণে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে পুরনো ঢাকার স্মৃতি ও আবহ ফুটিয়ে তোলা হবে, যা বিনোদনের পাশাপাশি জ্ঞানচর্চায় সহায়ক হবে। আট দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন সন্ধ্যায় একটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় গ্রন্থিক নাট্যদল ‘গিরগিটি’ নাটকটি মঞ্চায়ন করে এবং দ্বিতীয় দিন সোমবার শৌখিন নাট্যদলের ‘অন্তরালে আয়না’ নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।