গাজীপুরে জঙ্গলে ১২ ঘোড়া জবাই, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুদিপাড়া এলাকার গভীর জঙ্গলে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখা গেছে। সোমবার সকালে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে এসব দেহাবশেষ দেখতে পান। ধারণা করা হচ্ছে, কোনো একটি চক্র নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে জঙ্গলের ভেতরে চলে যাওয়া সরু পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এসব অবশিষ্টাংশ।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগ। শ্রীপুর মডেল থানার ওসি মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা জবাই করেছে এবং মাংস কোথায় নেয়া হয়েছে, এসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।