সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারিভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপ-প্রেস সচিব জানান, দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

