নতুন মৌসুমে দলে আসা ফুটবলারদের বরণ করে নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রীতি থেকে সরে আসছে রিয়াল মাদ্রিদ। এতদিন সান্তিয়াগো বার্নাব্যুর কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে হাজারো সমর্থকের উপস্থিতিতে নতুন তারকাদের পরিচয় করিয়ে দেওয়া হতো। তবে এবার সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে ক্লাবটি ব্যক্তিগত ও সীমিত পরিসরের আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, নতুন খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বড় কোনো জনসমাগম করা হবে না।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে তারকা বরণের অনুষ্ঠানগুলো বরাবরই ছিল ব্যাপক আলোচিত। এর সবচেয়ে বড় উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর তাকে স্বাগত জানাতে বার্নাব্যুতে প্রায় ৮০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। পরবর্তীতে আরও অনেক বড় তারকার ক্ষেত্রে একই ধরনের জমকালো আয়োজন দেখা গেছে। কিন্তু এবারের নতুন ছয় খেলোয়াড়কে বরণের ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ ভিন্ন পথে হাঁটছে।
নতুন এই আয়োজনে সমর্থক কিংবা সংবাদকর্মীদের প্রবেশের কোনো সুযোগ রাখা হয়নি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানগুলো হবে একান্তই ‘সাধারণ ও পারিবারিক’ পরিবেশে। এমনকি নতুন খেলোয়াড়দের জন্য আলাদা কোনো সংবাদ সম্মেলনের পরিকল্পনাও নেই। প্রতিটি খেলোয়াড়কে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন। এই অনুষ্ঠানে খেলোয়াড়দের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকতে পারবেন, যা ক্লাব সভাপতির সঙ্গে তাদের পরিচিত হওয়ার একটি সুযোগ তৈরি করবে।
রিয়াল মাদ্রিদের এমন সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হলো মৌসুম শুরুর আগে নতুন ফুটবলারদের মাঠের প্রস্তুতি ও দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দিকে মনোযোগী রাখা। এদিকে, মাঠের লড়াইয়েও রিয়াল নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানিতে শালকে ০৪-কে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এরপর সোমবার খেলোয়াড়দের এক দিনের বিশ্রাম দেওয়া হয় এবং মঙ্গলবার থেকে পুনরায় অনুশীলন শুরু হয়েছে।
কোচ জোসে মরিনিওর অধীনে দল এখন আগামী শনিবার কর্নেয়ায় এস্পানিওলের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে। নতুন খেলোয়াড়দের বরণের এই ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে মাঠের বাইরেও খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের সুসম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

