এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ: জেনে নিন ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেয়া হয়েছে। আগ্রহী শিক্ষকদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তাদের মোবাইলে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বদলিকৃত কোনো শিক্ষকই কোনো ধরনের টিএ বা ডিএ সুবিধা প্রাপ্য হবেন না। এছাড়া আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে এবং অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত সময়কাল কর্মকাল হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। যদি নিজ জেলায় পদ শূন্য না থাকে, তবে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করা যাবে। এছাড়া আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা তাদের কর্মস্থল—যা শুধুমাত্র সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে—সেখানেও বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে এ সংক্রান্ত কোনো তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।