অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লেখালেন অভিনেত্রী সামিরা খান মাহি

চলতি প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক জগতে পা রাখলেন। মডেলিং ও নাটকে নিজের মেধার স্বাক্ষর রাখার পর তিনি এখন নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে স্পিডটাচ অটোস নামক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যদিও এই ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি বেশ কিছুদিন ধরেই সম্পৃক্ত ছিলেন, তবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো অফিস করেছেন এই অভিনেত্রী।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মাহি জানান, নিজের মেধা ও শ্রম দিয়ে এই নতুন ক্ষেত্রে অবদান রাখতে চান তিনি। তার লক্ষ্য হলো ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন ও ব্যবহৃত গাড়ির বাজারে গ্রাহকদের জন্য উন্নত মান, সঠিক মূল্য এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা। নতুন এই পথচলায় তিনি সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

অভিনয় ক্যারিয়ারের বর্তমান অবস্থা নিয়ে মাহি জানান, গত কয়েক মাস ধরেই তিনি কাজের চাপ কমিয়ে দিয়েছেন। এখন মূলত নতুন এই ব্যবসায়িক উদ্যোগেই বেশি মনোযোগ দিচ্ছেন। তবে অভিনয় থেকে পুরোপুরি বিরতি নেননি তিনি। বর্তমানে ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি একটি নতুন প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন। বিষয়টি নিয়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত হলেও এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ভক্তদের জন্য এটি চমক হিসেবেই রাখতে চাইছেন এই অভিনেত্রী।