গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার ভুষির মিল এলাকায় অবস্থিত ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকালে দোকানের শাটার খুলে পুলিশ তার গলা কাটা মরদেহ দেখতে পায়। তিনি ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের দোকানেই ঘুমানোর অভ্যাস ছিল আবুল কালামের। শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও দোকান না খোলায় পাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের একজন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার খুলে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।