জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

রুপালি দুনিয়ার তারকাদের নিয়ে আপত্তিকর কনটেন্ট তৈরির ঘটনা নতুন নয়। সিনেদুনিয়ার বহু অভিনেত্রীর ছবি বা কনটেন্ট অনুমতি ছাড়াই নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগ নিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষার দাবিতে মামলা করেছিলেন তিনি। এবার সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলো দিল্লির উচ্চ আদালত। প্রাথমিক পর্যবেক্ষণে আদালত দেখেছে যে, ৫৫২টি ইউআরএলে পর্নোগ্রাফির মতো আপত্তিকর কনটেন্ট রয়েছে। আদালত এই লিঙ্কগুলো অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

মামলার বিস্তারিত ও আদালতের নির্দেশনা

মামলাটিতে মোট ৬৮৮৪টি লিংকের কথা উল্লেখ করা হয়েছিল। তবে আদালত আপাতত ৫৫২টি ইউআরএল সরানোর নির্দেশ দিয়েছে। বাকি লিঙ্কগুলো সরানোর আবেদন এখনো মঞ্জুর করা হয়নি। আদালত জাহ্নবী কাপুরের আইনজীবীকে নির্দেশ দিয়েছে যে, মামলায় অন্তর্ভুক্ত আপত্তিকর ইউআরএল, সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল কনটেন্টকে তিনটি সুনির্দিষ্ট বিভাগে ভাগ করতে হবে

  • প্রথম বিভাগ: সরাসরি পর্নোগ্রাফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট।
  • দ্বিতীয় বিভাগ: অভিনেত্রীর ব্যক্তিত্বের অধিকার ব্যবহার করে অর্থ উপার্জনের মতো অশ্লীল কনটেন্ট।
  • তৃতীয় বিভাগ: জাহ্নবীর ছবি বা পরিচয় ব্যবহার করে কোনো পণ্য বিক্রির অসৎ প্রচেষ্টামূলক কনটেন্ট।

আদালত তার প্রাথমিক পর্যবেক্ষণে দাবি করেছে, এ ধরনের কনটেন্ট জাহ্নবী কাপুরের বিনা অনুমতিতেই ব্যবহৃত হচ্ছিল। এই রায় অভিনেত্রীকে কিছুটা স্বস্তি দিলেও, ৬৮৮৪টি লিঙ্ক সরানোর মূল আবেদনটি এখনো পুরোপুরি মঞ্জুর হয়নি। আপাতত শুধুমাত্র চিহ্নিত আপত্তিকর কনটেন্টগুলোই সরিয়ে ফেলার নির্দেশ কার্যকর করা হয়েছে।