সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত ‘আর্টল্যাব স্টুডিও’তে তাঁর নতুন মৌলিক গান ‘স্বপ্নচূড়া’র রেকর্ডিং সম্পন্ন করেছেন। রাজীব হাসান রাসেলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। বর্তমানে তিনি দুবাইয়ে নিজের কর্মস্থলে ফিরে গেছেন। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সুমন জানান, রাজীব হাসান রাসেলের লেখা কথাগুলো তাঁর মন ছুঁয়ে যাওয়ায় তিনি নিজেই সুর করেছেন। নিউজার্সির স্টুডিওতে কণ্ঠ দেওয়ার পর গানটি শুনে তিনি বেশ সন্তুষ্ট এবং শ্রোতাদের কাছে এটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন।
একই সময়ে সংগীত অঙ্গনে আরও একটি নতুন কাজের খবর জানিয়েছেন শামস সুমন। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্য তিনি তিনটি গানের সুর করেছেন। গানগুলো হলো ‘দুঃখের দলিল’, ‘আসলো না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। এই তিনটি গানেরই গীতিকার গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। সুরগুলো শুনে মুগ্ধ হয়ে ফাহমিদা নবী নিজেই গানগুলো গাওয়ার সম্মতি প্রদান করেন।
ফাহমিদা নবীর জন্য তিনটি গান তৈরির প্রেক্ষাপট ব্যাখ্যা করে শামস সুমন বলেন, গীতিকার গোলাম মোর্শেদ এই গানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছেন। গোলাম মোর্শেদ ও ফাহমিদা নবী দীর্ঘ পঁচিশ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। মোর্শেদ ভাই ফাহমিদা আপাকে আমার সুর করা একটি গান শোনান, যা তাঁর পছন্দ হয়। পরবর্তীতে আরও দুটি গান শোনানোর পর সেগুলোও তিনি পছন্দ করেন, যার ফলে তিনটি গানই তাঁর কণ্ঠে রেকর্ড করা হয়েছে।
বর্তমানে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। তিনটি গানই ফাহমিদা নবীর একক গান হিসেবে খুব শিগগিরই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

