প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এ ক্ষেত্রে কর্মীদের কোনো ধরনের আর্থিক খরচ বহন করতে হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা রোধ এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় এই সভার আয়োজন করা হয়েছিল। মন্ত্রী বলেন, সরকার বৈধ পথে বিদেশগামী কর্মীদের পাঠানোর বিষয়ে অত্যন্ত আন্তরিক। মালয়েশিয়া সরকারের এই ১০ হাজার কর্মীর কোটা একটি উপহার হিসেবে গণ্য করা হচ্ছে। তবে বিদেশে যাওয়ার জন্য কেবল আগ্রহ থাকলেই হবে না, সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও প্রয়োজনীয় ভাষা শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক।
সুনামগঞ্জের বিভিন্ন স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, উপযুক্ত স্থান নির্বাচন করা হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা প্রদান করা হবে। সভায় অবৈধ অভিবাসন ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সুনামগঞ্জের অনেক যুবক দালালদের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে গিয়ে প্রাণ হারাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব দালালকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অবৈধভাবে বিদেশ পাঠানোর সঙ্গে জড়িত দালালদের নাম ও ঠিকানাসহ তালিকা আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এছাড়া বিদেশে অবস্থানরত দালালদের সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জের কয়েকজন যুবক লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন। এই প্রেক্ষাপটে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

