প্রিন্সেস ডায়ানার জীবনের অজানা গল্প নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার

প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবন ও ব্যক্তিগত স্মৃতি নিয়ে একটি নতুন বই লিখছেন তাঁর ছোট ভাই চার্লস স্পেন্সার। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের এই বইটি ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তির আগেই পাঠকদের হাতে পৌঁছাবে। আগামী মাসে যুক্তরাজ্যে পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের অঙ্গপ্রতিষ্ঠান মাইকেল জোসেফ এটি প্রকাশ করবে এবং পরবর্তীতে বিশ্বজুড়ে বইটির প্রচার ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হবে।

বইটির মাধ্যমে ডায়ানার জীবন, তাঁদের পারস্পরিক সম্পর্ক এবং বোনকে নিয়ে নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন স্পেন্সার। তাঁর মতে, সময়ের পরিক্রমায় ডায়ানাকে নিয়ে অনেক ভুল তথ্য ও মনগড়া কাহিনী সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এসব অস্বস্তিকর তথ্যের বিপরীতে নিজের স্মৃতি ও অভিজ্ঞতার আলোকে বোনের প্রকৃত জীবনের গল্প তুলে ধরাই এই বইয়ের মূল উদ্দেশ্য। স্পেন্সার জানিয়েছেন, ডায়ানাকে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি নিয়মিত অনুরোধ পান, তবে এবার নিজের চিন্তা ও স্মৃতিগুলো চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৯৮১ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের পর বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান ডায়ানা। ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে তিনি দ্রুতই বিশ্বের অন্যতম আলোচিত নারীতে পরিণত হন। তবে দাম্পত্যজীবনে দীর্ঘদিনের টানাপড়েন ও সংকটের জেরে ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর মাত্র এক বছর পর, ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩৬ বছর বয়সে ডায়ানা মৃত্যুবরণ করেন।

ডায়ানার মৃত্যুর এত বছর পরও তাঁর প্রতি বিশ্ববাসীর আগ্রহ ও কৌতূহল অটুট রয়েছে। তাঁর ব্যক্তিগত জীবন, রাজপরিবারের সঙ্গে জটিল সম্পর্ক এবং মৃত্যুর নানা দিক নিয়ে এখনো নিয়মিত আলোচনা হয়। বিশেষ করে ডায়ানার শেষকৃত্যে ভাই চার্লস স্পেন্সারের দেওয়া আবেগঘন বক্তব্যটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, যেখানে তিনি রাজপরিবারের সমালোচনা করে বোনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।

প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের পরিচালক ড্যানিয়েল বানইয়ার্ড বইটিকে অত্যন্ত ‘ঐতিহাসিক গুরুত্বের’ কাজ হিসেবে অভিহিত করেছেন। যদিও ডায়ানাকে ঘিরে অতীতে অসংখ্য বই ও তথ্যচিত্র নির্মিত হয়েছে, তবে একজন আপন ভাইয়ের স্মৃতি ও দৃষ্টিভঙ্গিতে লেখা এই নতুন বইটি পাঠকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।