চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৩০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে দেশে দুই হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের আগস্টে রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত সামগ্রিক হিসাবে দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

