বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ হিসেবে সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
পদের নাম ও বেতন স্কেল
- পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
- পদ সংখ্যা: ২৫০টি (কর্তৃপক্ষ প্রয়োজনে এই পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে)
- বেতন স্কেল: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্তাবলি
আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা বাধ্যতামূলক। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.bjsc.gov.bd-এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ও পরীক্ষার ফি
- আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।
- পরীক্ষার ফি: ১২০০ টাকা, যা টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে।
পরীক্ষার ধরন ও সময়সূচি
নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষা (MCQ) ১০০ নম্বরের হবে, যেখানে পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে গড় পাস নম্বর ৫০ শতাংশ। সর্বশেষ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নিয়মিত কমিশনের ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

