ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই কিশোরের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে আয়োজিত একটি ফুটবল খেলা দেখতে গিয়েছিল নতুন হাবলিপাড়া গ্রামের কিশোর লামিন। খেলা চলাকালে স্বল্পনোয়াগাঁও গ্রামের শুভ নামের আরেক কিশোরের সঙ্গে লামিনের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে শুভ লামিনকে মারধর করলে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

এরই জেরে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চলাইটের আলো ব্যবহার করে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে এবং আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।