জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, সংস্থার নেতৃত্বের অসহযোগিতার কারণে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছিল এবং প্রায় এক বছর ধরে তিনি কোনো পারিশ্রমিকও পাননি। সায়মা ওয়াজেদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পাঁচ বছরের মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সায়মা ওয়াজেদ নানা বিতর্কের মুখে পড়েন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। এর মধ্যে ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও নথি জাল করার অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তীতে জুলাই মাসে ডব্লিউএইচও তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। রয়টার্সের নথিপত্র অনুযায়ী, তাঁর বিরুদ্ধে চীনে একটি সফরসংক্রান্ত আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য প্রদান এবং বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তবে সায়মা ওয়াজেদ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবীরা গত জুলাই মাসে ডব্লিউএইচওকে জানিয়েছিলেন, চীন সফরের অর্থ ফেরত নেওয়ার বিষয়টি মূলত তাঁর এক সহকারীর প্রশাসনিক ভুল ছিল এবং সেই অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তাঁর দাবি, তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন এবং বিষয়টি আগেই মহাপরিচালককে অবহিত করা হয়েছিল। যদিও তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবুও তদন্তের বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সায়মা ওয়াজেদের এই পদত্যাগ শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের ওপর সৃষ্ট আইনি ও রাজনৈতিক চাপের বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। এদিকে, ডব্লিউএইচও এখন তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী বছরের ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।