কোচিতে ২৮ অক্টোবর বসছে নারী আইপিএলের নিলামের আসর

নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরের নিলামের তারিখ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ২৮ অক্টোবর কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তীতে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও খবরটি নিশ্চিত করেছে।

লিগের ২০২৭ সালের আসরের সূচিও প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের খেলাগুলো। এর আগে, দলগুলোকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারবেন, যার মধ্যে সর্বোচ্চ ছয়জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। এবারের চক্রের জন্য প্রতিটি দলের সর্বোচ্চ বাজেট বা স্যালারি ক্যাপ নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি রুপি।

আসন্ন ২০২৭ সালের আসরের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে মুম্বাই এবং ভাদোদারাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত চতুর্থ আসরেও এই দুটি ভেন্যুতেই খেলা অনুষ্ঠিত হয়েছিল, যার ফাইনাল ম্যাচটি ৫ ফেব্রুয়ারি গুজরাটের ভাদোদারা শহরে সম্পন্ন হয়। ডব্লিউপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

উত্তর প্রদেশের বারাণসীতে নবনির্মিত স্টেডিয়ামে খেলা আয়োজনের একটি গুঞ্জন শোনা গেলেও তা নিশ্চিত নয়। বারাণসীতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তটি নির্ভর করবে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতির ওপর। ঘরোয়া কোনো ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামের উপযোগিতা পরীক্ষা করার পর সেখানে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে মুম্বাইয়ের সিসিআই এবং ভাদোদারার কোটাম্বি স্টেডিয়ামকেই নিশ্চিত ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।