ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজিরশিমলা এলাকায় ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা এবং ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির বাসটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই ওই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

