মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষে চারজনের প্রাণহানি ঘটেছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক প্রাণ হারান। দুর্ঘটনাকবলিত বাসটির নাম ‘নিউ বলেশ্বর’ বলে জানা গেছে।

দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উদ্ধারকর্মীরা প্রাইভেটকারের চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ছাড়া প্রাইভেটকারে থাকা অন্য যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকার চালক সোহেল। দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।