লন্ডনে পথচলা শুরু করল ‘আঠারো আনা বাঙালিয়ানা’

বাঙালির শেকড়, সাহিত্য ও সংস্কৃতির আবেশে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের একসূত্রে গাঁথতে লন্ডনে যাত্রা শুরু করেছে ‘আঠারো আনা বাঙালিয়ানা’—দ্য গ্লোবাল বাঙালিয়ানা কমিউনিটি। সম্প্রতি লন্ডনের রোমফোর্ডের আয়রা রেস্তোরাঁয় ‘মুকুর অ্যাডভারটাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া’র উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। আয়োজকদের মূল লক্ষ্য হলো বাংলা ভাষা ও শিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বজুড়ে বাঙালিদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা।

অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংগঠনটির ভিশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রথিতযশা অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। সাংস্কৃতিক পরিবেশনায় কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি শামীম আজাদ, মাইক র‍্যাগেট ও কাবেরী মুখার্জী। এছাড়া জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ারের সংগীত পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংগঠনটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নাঈমা পারভীন, অরিত্র দাস, লাবনী রহমান, বনানী সরকার, ফারজানা টুম্পা ও রোদেলা দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি ভোজে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরাচরিত আতিথেয়তার আবহ।

উল্লেখ্য, সংগঠনটির কোর কমিটিতে দায়িত্ব পালন করছেন রাশেদা বকুল, ফারাহ জেহির, শেখ সেলিম, নাঈমা পারভীন, বনানী সরকার, জামাল আহমদ, লাবণী রহমান, মনিজা বেগম, মনজুর হক, রাশিদা করিম, রিয়াজ আলম, রেশমা সুলতানা কেয়া, ফাতেমা রিমি, সুমাইয়া হাসি এবং সালেহ খান। প্রবাসী বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করাই এই নতুন সংগঠনের মূল অঙ্গীকার।