রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বেরিয়ে যাওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পরপরই একটি অজ্ঞাত নম্বর থেকে শিশুর পরিবারকে ফোন করে তাকে আটকে রাখার বিষয়টি জানানো হয়।
শিশুর চাচা গোলাম হুসাইন জানান, ঘটনার দিন বিকেলে নাঈমের ছয় বছরের ছোট ভাই আদিলের সঙ্গে তার ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরেই সে বাসা থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই অজ্ঞাত ওই নম্বর থেকে ফোন করে দাবি করা হয় যে, নাঈমকে শারীরিক নির্যাতন করা হচ্ছে এবং তাকে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর পরই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন সোহরাব আল হোসাইন। তিনি জানান, পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছেও শিশুটিকে উদ্ধারের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। বর্তমানে নিখোঁজ নাঈমকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তৎপর রয়েছে। উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

