অভিনয়ে নিজের স্বপ্ন পূরণের পথে জান্নাত সূচি

ভোলার মেয়ে জান্নাত আক্তার সূচি ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে জড়িয়ে আছেন। ঢাকার আইডিয়াল স্কুলে পড়ার সময় ‘মাটির থিয়েটার’-এর মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হয় তার। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সময় মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন সূচি। অভিনয়ের এই দীর্ঘ যাত্রায় তিনি কৃতজ্ঞতা জানান তার শিক্ষক মনা স্যার এবং শাহীন ভাইয়ের প্রতি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরবর্তী সময়ে একটি দুর্ঘটনায় জীবনের গতি কিছুটা মন্থর হয়ে পড়লেও তিনি মনোবল হারাননি। অদম্য ইচ্ছা নিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে গেছেন তিনি। রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘প্রফেশনাল লাভার’ নাটকে অভিনয়ের মাধ্যমে নতুন করে পাদপ্রদীপের আলোয় আসেন এই শিল্পী।

বর্তমানে জান্নাত সূচি অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘দলছুট পাখিরা’, ‘মিডল ক্লাস’ এবং ‘এআই জুনিয়র’। এই প্রতিটি নাটকেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সূচি জানান, অভিনয়ের জগত নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। তিনি নিজেকে অভিনয়ের প্রতিটি ক্ষেত্রে আরও দক্ষ করে তুলতে চান এবং ভবিষ্যতে একজন নিখুঁত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। অভিনয়ের প্রতি তার এই একাগ্রতা ও অদম্য ইচ্ছা তাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে।