উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর মাঠে আয়োজিত অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচে মাসুমপুর ক্রীড়াচক্র ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে। বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে দলটির হয়ে গোলগুলো করেন খেলোয়াড় ইমাম, জয় এবং ফরহাদ। শাহজাহানপুর যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এই জয়ের মাধ্যমে মাসুমপুর ক্রীড়াচক্র প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল।
ক্রীড়াচক্রের কোচম্যান রেজাউল করিম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুমপুর ক্রীড়াচক্রের ম্যানেজার হামিদুল হক, অর্থসম্পাদক সেলিম উদ্দিন এবং উপদেষ্টা ফরিদুল ইসলাম ও হেদায়েত ইসলাম দলের এই সাফল্যের পর চূড়ান্ত পর্বে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং তাদের ক্রীড়ামুখী করে দেশের সুনাম অর্জনের লক্ষ্যে মাসুমপুর ক্রীড়াচক্র দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

