গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় শিক্ষক-কর্মচারীদের অধিকার সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মুহম্মদ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম এবং সাংগঠনিক সম্পাদক মো. তৈয়বুর রহমান। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী আহসান হাবিব বলেন, শিক্ষক সমাজের ঐক্য ধরে রাখা এবং পেশাগত মর্যাদা সুরক্ষা এখন সময়ের দাবি। তিনি কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের নানা দাবি-দাওয়া, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শেখ, সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলামসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।