শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমে এসে শেষ হয়।
এই ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ মোট ৪ জনকে আটক করেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, মিছিল শেষে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। এছাড়াও অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

