তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের তিনটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ভবিষ্যতে যাতে কোনো সংসদ সহজে এসব মৌলিক অনুচ্ছেদ সংশোধন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই প্রস্তাব রাখা হয়েছে। তারা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে মতামত ও প্রস্তাব দিয়েছেন। তাদের লিখিত প্রস্তাবও দিতে বলা হয়েছে। তারা যখনই এই কমিটিতে যোগদান করবেন, আমরা স্বাগত জানাব। আপনাদের যে সমস্ত বক্তব্য আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে যেগুলো গ্রহণযোগ্য, সবার মতামতের ভিত্তিতে আমরা গ্রহণ করব। এটা ভালো হতো, তারা যদি আলোচনায় অংশগ্রহণ করতেন।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই গণভোট অনুষ্ঠান করা হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু সব পক্ষ এ বিষয়ে একমত হয়েছে, তাই এটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে। জুলাই জাতীয় সনদ এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রবিবার কমিটির এই মতবিনিময় সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক ফোরামের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন। কমিটির সভাপতি জানান, সভায় অংশগ্রহণকারী অনেকেই তাদের নিজ নিজ প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার কথা জানিয়েছেন।

বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। এই প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবিধান সংশোধন বিলটি উত্থাপন করা হবে। বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বারবার তাদের আহ্বান জানিয়েছি এবং এখনো আহ্বান জানাচ্ছি। আমরা চাই না আমাদের মধ্যে বিভক্তি থাকুক, বরং সব পক্ষ মিলে জাতীয় ঐকমত্য গড়ে উঠুক। তাহলে দলের পক্ষ থেকে উচ্চারিত অনেক বিষয় আমরা ধারণ করতে পারতাম।