সংগীতশিল্পী এস আই টুটুলের নতুন ব্যান্ড ‘এবি কিং’ যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। গত ১৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ফান্ডরাইজিং ইভেন্টে ব্যান্ডটি তার প্রথম স্টেজ পারফরম্যান্স উপহার দেয়। সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় দেড় কোটি টাকা অনুদান সংগৃহীত হয়েছে, যা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।
নিজের এই নতুন সংগীত প্রচেষ্টার বিষয়ে এস আই টুটুল বলেন, জীবনের শেষ প্রান্তে এসে আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যা সবার হয়ে উঠবে। আমার অনুপস্থিতিতেও যাতে ‘এবি কিং’ তার কার্যক্রম চালিয়ে নিতে পারে, সেটাই আমার লক্ষ্য। তিনি দর্শকদের ভালোবাসা ও গুণী মানুষদের সম্মানের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যান্ডটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলআরবি’র গান, ফেরদৌস ওয়াহিদের ‘এমন একটা মা দে না’ এবং এস আই টুটুলের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করা হয়। এ ছাড়া ইফতির কণ্ঠে ইংরেজি গান শ্রোতাদের মুগ্ধ করে। টুটুল স্পষ্ট করেছেন যে, ‘এবি কিং’ কখনোই এলআরবি’র বিকল্প নয়। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া লিটন উপস্থিত থেকে ব্যান্ডটির ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

