আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন এড জয়েস

আয়ারল্যান্ড পুরুষ দলের হাই-পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে যোগ দিলেন এড জয়েস। খেলোয়াড়ি জীবনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা জয়েস অবিলম্বে তার নতুন দায়িত্ব বুঝে নিচ্ছেন। ক্যারিয়ারে তিনি ১৯টি ম্যাচে ইংল্যান্ডের হয়েও খেলেছেন। মূলত পুরুষ দলের সিনিয়র স্কোয়াড এবং ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের উন্নয়নে কাজ করবেন তিনি। আয়ারল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ গ্যারি উইলসন এবং হাই-পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্টের সাথে কাজ করবেন জয়েস।

এর আগে টানা ছয় বছর আইরিশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জয়েস। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র এক বছরের মাথায় তিনি সেই দলের হাল ধরেছিলেন। দীর্ঘ মেয়াদে দলের পারফরম্যান্সের উন্নতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফেব্রুয়ারি ২০২৫ সালে তিনি নারী দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।

জয়েসের নিয়োগ নিয়ে গ্রায়েম ওয়েস্ট বলেন, খেলোয়াড় বা কোচ হিসেবে এড জয়েস আইরিশ ক্রিকেটের জন্য সবসময়ই সম্পদ। তাকে আবারও কোচিং প্যানেলে ফিরিয়ে আনা আমাদের জন্য আনন্দের। একজন দুর্দান্ত এবং প্রযুক্তিগতভাবে দক্ষ ব্যাটার হিসেবে তার পরিচিতি ছিল। নারী দলের প্রধান কোচ হিসেবেও তিনি তার কোচিং সক্ষমতার প্রমাণ দিয়েছেন। সামনে ব্যস্ত সূচি থাকায় তার এই যোগদান খুবই সময়োপযোগী।

নতুন দায়িত্ব পেয়ে এড জয়েস জানান, অবসরের পর থেকেই আইরিশ ক্রিকেটের সাথে যুক্ত থাকা তার অগ্রাধিকার ছিল। নারী দলের সাথে কাজ করার অভিজ্ঞতা তাকে ব্যাটারদের কৌশল এবং মানসিকতা নিয়ে কাজ করার বিষয়ে আরও আগ্রহী করেছে। জয়েস বলেন, আধুনিক ক্রিকেট খেলা অনেক পরিবর্তিত হয়েছে। তবে পুরুষ বা নারী যে সংস্করণই হোক না কেন, ব্যাটিংয়ের মৌলিক ভিত্তিগুলো এখনো অপরিবর্তিত আছে।

তিনি আরও যোগ করেন, টি-টোয়েন্টি বা পাওয়ার হিটিংয়ের যুগেও একজন ব্যাটারের জন্য সঠিক কৌশল এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে আয়ারল্যান্ড পুরুষ দলের পারফরম্যান্স উন্নত করতে নেপথ্যে যে পরিশ্রম করা হয়েছে, তা স্পষ্ট। আমি সেই ধারার সাথে যুক্ত হতে চাই এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের ব্যাটিং ইউনিটকে আরও এগিয়ে নিতে সচেষ্ট থাকব। দলে প্রতিভার অভাব নেই, এখন মূল লক্ষ্য হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা।