এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল থাকছেন না মহসিন নাকভি

আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে জাপানে যাচ্ছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি। শনিবার অনুষ্ঠিতব্য ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বর্ণপদক জয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এসিসি শুক্রবার এক বিবৃতিতে তার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে স্বর্ণপদকের লড়াইয়ের আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ব্রোঞ্জ পদকের জন্য মুখোমুখি হবে।

এসিসির বিবৃতিতে জানানো হয়েছে, মহসিন নাকভি ফাইনালে উপস্থিত থাকতে না পারলেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দলকে শুভকামনা জানিয়েছেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মহসিন নাকভি এক বার্তায় বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি নাগোয়া যেতে পারছেন না, তবে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার অপেক্ষায় আছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর জানা গিয়েছিল, নারী এশিয়া কাপে ট্রফি হস্তান্তর নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি জাপানে ঘটবে না। মূলত ভারতীয় নারী দল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় একটি অনাকাঙ্ক্ষিত অবস্থার তৈরি হয়েছিল। এশিয়ান গেমসে পদক প্রদানের বিষয়টি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এবং স্থানীয় আয়োজক কমিটি (এআইএনএজিওসি) যৌথভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যাতে ভারতীয় দলের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

ভারত ও জাপানের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্কের কারণে আয়োজকরা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা ভারতের জন্য জটিলতা তৈরি করতে পারে। ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর দুদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ৪১তম র‍্যাঙ্কিংধারী সহযোগী দেশ জাপানের এমন ম্যাচ বিশ্ব ক্রিকেটে একটি অভূতপূর্ব ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।